রপ্তানি বহুমুখীকরণে জোর দিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

Published: November 15, 2026, 8:05 am

তৈরি পোশাকশিল্পের ওপর একক নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে একটি বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের রপ্তানি খাতকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই করতে হলে পণ্যের বৈচিত্র্য আনা, উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশ্ববাজারে পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যে একটি মজবুত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তবে এই রপ্তানি প্রবৃদ্ধির গতিধারা ধরে রাখতে নতুন এবং সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনী সম্পর্কে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে জানান, এবারের আসরে ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। গতবারের তুলনায় এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা, স্টল এবং বিদেশি ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ধরনের আয়োজন দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত বিটুবি (B2B) ম্যাচমেকিং সভা ও কারখানা পরিদর্শনের মাধ্যমে বিদেশি ক্রেতাদের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক ফজলুল হক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy