পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সফরে হ্যারি ব্রুক দলের নেতৃত্ব দেবেন।
ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পাননি জস বাটলার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে তাকে বাইরে রাখা হয়েছে। অন্যদিকে, ইনজুরি সমস্যা না থাকলেও বিশ্রাম দেওয়া হয়েছে জফরা আর্চারকে। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার আদিল রশিদ ও পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান।
আগামী ১৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে। এই সিরিজে ১৯ ও ২৪ অক্টোবর ইংল্যান্ড তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বিপক্ষে এবং ২১ ও ২৮ অক্টোবর লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারলে ৩০ অক্টোবর শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশরা।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেইন, হেনরি ক্রকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট এবং জশ টাং।





