বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো রাজধানী ঢাকাও বর্তমানে বায়ুদূষণের কবলে পড়েছে। রোববার সকাল ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে। শহরটির বর্তমান বায়ুমান স্কোর ১৭৭, যা নির্দেশ করছে যে এখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান সূচকে স্কোর ২৩৫, যার অর্থ দিল্লির বাতাস বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে। একই সময়ে ১৮৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
দূষণের দিক থেকে ঢাকার পরেই চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর, যার স্কোর ১৭৪। পঞ্চম স্থানে থাকা মিশরের কায়রো শহরের স্কোর ১৬৫ এবং ১৬৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।
উল্লেখ্য, বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক বা একিউআই শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মানকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।





