ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি

Published: October 12, 2026, 6:59 pm

দেশের টেকসই জ্বালানি উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির প্রসারের লক্ষ্যে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো), আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার এট হোম-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা সম্পন্ন হয়।

জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডেসকোর ১২.৫ মেগাওয়াট প্রজেক্টের অংশ হিসেবে জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে ডেসকোর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষে পরিচালক (যুগ্মসচিব) ফারজানা সুলতানা এবং ফাইবার এট হোমের পক্ষে প্রকল্প পরিচালক শাহজামান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম। তিনি জানান, আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় সরকার রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৩,০০০ থেকে ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। সচিব আরও জানান, ছাদের সোলার সিস্টেম থেকে নিজের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলে সরকার তা প্রতি ইউনিট ১০.৫০ টাকা দরে ক্রয় করবে। এছাড়া সোলার সিস্টেম স্থাপনের ব্যয় হ্রাসের লক্ষ্যে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য সোলার সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সবুর হোসেন এবং ফাইবার এট হোম লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy