দিল্লিতে বহুতল ভবন ধসে শিশুর মৃত্যু, উদ্ধার ৮

Published: October 8, 2026, 3:02 am

ভারতের রাজধানী দিল্লির সীমাপুরি এলাকায় বুধবার বিকেলে একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহদারা পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা। ভবন ধসের পরপরই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, অনেকে হাত দিয়ে ধ্বংসস্তূপের বিভিন্ন অংশ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে যুক্ত হন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে এখনো অভিযান চলছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন, ফলে হতাহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

উদ্ধার হওয়া আটজনকে দিল্লির জিটিবি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন যে, মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর এলাকায় অনুভূত ভূমিকম্পের কম্পনের ফলে ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধসের সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।

দুর্ঘটনার কারণে সীমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও পার্শ্ববর্তী সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে দিল্লি ট্রাফিক পুলিশ পথচারী ও চালকদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy