হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না, মধ্যরাতে উত্তাল চুয়েট

Published: September 29, 2026, 4:32 am

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩১। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনের মধ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহলের চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে সোমবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এর আগে রাত ১১টা থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা স্লোগানসহ স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন। মিছিলটি যানবাহন শাখা-সংলগ্ন সড়ক দিয়ে আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান' এবং 'মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই'সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, অনেকেই মনে করতে পারেন আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে, তবে আজকের মিছিলের উপস্থিতি তাদের এই মিথ্যা কথার জবাব।

একই বর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, চলমান আন্দোলনে কতিপয় মহল হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুমকি দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। তারা কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের গণতান্ত্রিক দাবি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা উপাচার্য সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন। পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণকর্মবিরতি পালন করছেন। উপাচার্য পদে রদবদলকে ঘিরে গত সাত দিন ধরে চুয়েটে অচলাবস্থা বিরাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh