বিগত ১৭ বছর ধরে বন্ধ থাকা পাটের ক্রয় কেন্দ্রগুলো পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। কৃষকদের সরাসরি সুবিধা দিতে বীজ, সার ও কীটনাশক দেওয়ার পাশাপাশি পাটের মূল্য স্বাভাবিক পর্যায়ে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীরা কোনো অন্যায্য সুযোগ নিতে না পারে। এ জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দরবার হলে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, মওলানা ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে। গত ১৭ বছর ধরে তাঁদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলোকে অচল করে রাখা হয়েছিল এবং কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার এসব গুণীজনকে সম্মান জানাতে চায় এবং তাঁদের স্মৃতিধন্য প্রতিষ্ঠানগুলো যেন প্রাতিষ্ঠানিকভাবে ঠিকভাবে পরিচালিত হতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।
বেগম আলেমা খাতুন ভাসানীর অবদানের কথা স্মরণ করে শরীফুল আলম বলেন, যেকোনো সর্বজনশ্রদ্ধেয় মানুষের সাফল্যের পেছনে তাঁদের জীবনসঙ্গীর বিশেষ অবদান থাকে। বেগম আলেমা খাতুন ভাসানী একজন শিক্ষানুরাগী ছিলেন এবং মওলানা ভাসানীর জনকল্যাণমূলক কাজে সার্বিক সাহস জুগিয়েছেন। তিনি তাঁর বাবার কাছ থেকে পাওয়া জমি জনকল্যাণ ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়ে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রেখে গেছেন। এ ছাড়া কৃষক, শ্রমিক, তাঁতি ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও শ্রমের মর্যাদা দেওয়া তাঁদেরই রেখে যাওয়া আদর্শ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাভাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। সভার আগে অতিথিরা সন্তোষে মওলানা ভাসানী ও তাঁর সহধর্মিণীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।





