আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

Published: October 10, 2026, 1:45 pm

ভারতের দিল্লিতে আটক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের আগামী রোববারের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও আন্দোলনকারী পুলিশের হাতে আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, তিনি আশা করেছিলেন আটককৃত নেতাদের দ্রুত মুক্তি দেওয়া হবে। তবে রোববারের মধ্যে তাদের মুক্তি না দেওয়া হলে তিনি অনশন অথবা পদযাত্রার মতো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। তিনি আরও উল্লেখ করেন যে, এর আগের দিন তিনি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে 'অঘোষিত জরুরি অবস্থা' বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের এই আয়োজনে ভোটার তালিকা সংশোধন ও কমিশনের কার্যক্রমের বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। সোনম ওয়াংচুক এই আন্দোলনে সমর্থন জানালেও দিল্লিতে সশরীরে উপস্থিত হতে পারেননি। তিনি আন্দোলনের নেতৃত্বের জন্য অনেক নেতার উপস্থিতি নিয়ে আশাবাদী ছিলেন, কিন্তু পরে তাদের সবাইকে আটক করার সংবাদ পান। ওয়াংচুকের এই হুঁশিয়ারির পর আটক নেতাদের মুক্তি এবং পরবর্তী আন্দোলনের গতিপ্রকৃতির দিকে সবার নজর রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy