রিয়াদ বিমানবন্দরে ফের অতর্কিত হামলা, বিমান চলাচল বন্ধ

Published: October 10, 2026, 3:00 pm

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুই আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার পরপরই বিমানবন্দরটি খালি করে ফেলা হয়েছে এবং সেখানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে এই সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তারা নিজেদের পরিচয় প্রকাশ করেননি।

চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দরটিতে চালানো এক হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। এর আগের হামলাগুলোর দায় ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা স্বীকার করলেও শনিবারের এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি সংক্ষিপ্ত সতর্কবার্তা জারি করেছে। এতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত বর্তমানে আরও তীব্র হয়েছে। লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনীর পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin