এশিয়া কাপ আরচারিতে পদক তালিকায় শীর্ষে বাংলাদেশ

Published: October 29, 2026, 1:22 pm

ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টের স্টেজ টু-তে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে বাংলাদেশ। ১৭টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে তিন স্বর্ণ, তিন রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকার শীর্ষে থেকে আসর শেষ করেছেন লাল-সবুজের আরচাররা। বাংলাদেশের ১২ জন আরচার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণপদকটি আসে কম্পাউন্ড দলগত ইভেন্ট থেকে, যেখানে জয়ী হয় নারী দল। পরবর্তীতে রিকার্ভ পুরুষ দল ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে দ্বিতীয় স্বর্ণপদকটি নিশ্চিত করে। মার্টিন ফ্রেডরিকের শিষ্যদের এই দলে ছিলেন আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়লেও, পরের তিন সেটে ঘুরে দাঁড়িয়ে ৫৫-৫৪, ৫৫-৫২ ও ৫২-৫১ পয়েন্টে জয় তুলে নেয় তারা। চার সেট মিলিয়ে বাংলাদেশ ২১২ ও কাজাখস্তান ২১০ পয়েন্ট সংগ্রহ করে। এর আগে প্রথম রাউন্ডে বাই পাওয়া বাংলাদেশ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছিল।

একই দিনে কম্পাউন্ড নারী এককের ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে তৃতীয় স্বর্ণপদকটি জেতেন বন্যা আক্তার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে বন্যা পঞ্চম এন্ডের তিন শটেই পূর্ণ ১০ পয়েন্ট করে তুলে জয় নিশ্চিত করেন। তবে রিকার্ভ নারী এককের ফাইনালে ১৫ বছর বয়সী আরচার সায়মা সালাউদ্দিন ৬-৪ সেটে মবিনা ফালাহর কাছে হেরে যান।

অন্যান্য ইভেন্টের মধ্যে রিকার্ভ নারী দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রিকার্ভ একক ইভেন্ট থেকেও ব্রোঞ্জ পেয়েছেন আব্দুর রহমান আলিফ, যিনি আজারবাইজানের মামাদালি আলিয়েভকে ৭-৩ সেটে পরাজিত করেন। তবে রিকার্ভ মিক্স দলগত ইভেন্টে ৫-৩ সেটে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করতে হয় বাংলাদেশকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin