বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। এ সময় দুই দেশের প্রতিনিধিরা অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব বাড়ানোর নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে তেল ও গ্যাস সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হয়। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে উভয় পক্ষই নতুন সম্ভাবনার ওপর জোর দেন। বাংলাদেশে ইন্দোনেশীয় কোম্পানির কাজের সুযোগ সৃষ্টি এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নিবিড় যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পোশাক, পাট, কৃষি এবং পাম অয়েল বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বহুমাত্রিক সহযোগিতা জোরদার ও অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক এগিয়ে নিতে দুই পক্ষই একমত প্রকাশ করেছেন।
বৈঠককালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা।





