দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন ও স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারিত করার লক্ষ্যে প্রস্তাবিত ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে আলোচনার বিস্তারিত তথ্য সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, ইতোপূর্বে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল।
সংবিধানের বিধান অনুসারে, কোনো অধ্যাদেশ জারি করার পর জাতীয় সংসদের প্রথম বৈঠকেই তা উত্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন, সেই অধ্যাদেশটিকে স্থায়ী আইনে রূপান্তরের উদ্দেশ্যেই ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া প্রস্তুত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরবর্তীতে পর্যালোচনা শেষে মন্ত্রিসভা খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করে।





