পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

Published: November 7, 2026, 4:17 pm

উন্নয়ন কর্মসূচির আওতায় উচ্চতর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশের ৩৫ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে আয়োজিত ১৪ দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিতে আগামী রবিবার (৮ নভেম্বর) তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। আগামী ৯ নভেম্বর লাহোরে এ প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণার্থী বহরে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার (৪ নভেম্বর) এই সফর সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করে। আদেশে উল্লেখ করা হয়, অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাতায়াত, আবাসন, খাবার ও প্রশিক্ষণসহ সমস্ত খরচ বহন করবে পাকিস্তান সরকার। ফলে এই প্রশিক্ষণে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় থাকবে না। তবে সফর শেষে দেশে ফেরার পর পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিটি কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।

এই প্রতিনিধিদলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন, মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা তালিকায় স্থান পেয়েছেন। প্রশিক্ষণার্থী হিসেবে তালিকায় থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান জানান, পাকিস্তান সরকারের আমন্ত্রণে এ প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। সেখানে দেশটির প্রশাসনিক অবকাঠামো ও উন্নয়নমূলক কাজ পরিচালনার কৌশলের পাশাপাশি সুশাসন, সরকারি নীতি নির্ধারণ ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হবে।

এর আগে চলতি বছরের মে মাসে প্রথম দফায় দেশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে প্রশিক্ষণ গ্রহণ করেন। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) গত ৪ মে শুরু হওয়া সেই প্রশিক্ষণ শেষ হয়েছিল ২১ মে। ওই বহরে একজন অতিরিক্ত সচিব এবং ১১ জন যুগ্ম সচিব অন্তর্ভুক্ত ছিলেন। প্রথম দফার সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় ৩৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য লাহোরে পাঠানো হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy