বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার মালিবাংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সঙ্গে ৪৫ বছর বয়সী এই কোচের দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।
খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও কোচ হিসেবে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে মাকেতার। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে তার খেলোয়াড়ি ক্যারিয়ার মাত্র দুটি ম্যাচের হলেও কোচিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক, ঘরোয়া ও হাই-পারফরম্যান্স পর্যায়ে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং দেশটির ন্যাশনাল একাডেমিতে কাজ করার সময় তরুণ ক্রিকেটারদের হাই-পারফরম্যান্স পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে বিশেষ সুনাম অর্জন করেছেন এই কোচ। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ ডিগ্রিধারী মাকেতা ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক ক্রিকেটেও কোচিং করিয়েছেন।
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত মাকেতা বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হতে পেরে তিনি আনন্দিত। তার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য বিসিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
চার দিন পর ৪৭তম জন্মদিন পালন করতে যাওয়া এই কোচ আরও বলেন, আমাদের দলটি তরুণ এবং অত্যন্ত সম্ভাবনাময়। প্রধান কোচ ফিল সিমন্স ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করাই তার লক্ষ্য। নতুন এই সফর শুরু করতে পেরে তিনি দারুণ রোমাঞ্চিত। আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় রেখেই বিসিবি তাকে কোচিং স্টাফে যুক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, আইসিসির এই টুর্নামেন্টে শান্ত-লিটনদের পারফরম্যান্স কেমন হয়।





