মেসির বিদায়ের পর আপাতত আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি শূন্য

Published: November 6, 2026, 7:55 am

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ আসন্ন আন্তর্জাতিক বিরতিতে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচে এই জার্সিটি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি নিজের করে রেখেছিলেন লিওনেল মেসি। গত মাসে এল মনুমেন্তালে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার মাধ্যমে তিনি জাতীয় দলকে বিদায় জানান। এরপর থেকেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে, কে হবেন মেসির এই ঐতিহ্যবাহী জার্সির উত্তরসূরি।

আগামী ১৪ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১ থেকে ১১ নম্বর পর্যন্ত জার্সি খেলোয়াড়দের মধ্যে বরাদ্দ দেওয়া বাধ্যতামূলক নয়। এই সুযোগ কাজে লাগিয়েই আসন্ন দুই ম্যাচে কাউকেই ১০ নম্বর জার্সি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। ২০২৭ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হলে মেসির উত্তরসূরি নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বর্তমানে এই ঐতিহাসিক জার্সির সম্ভাব্য দাবিদার হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে এগিয়ে আছেন ইতালিয়ান ক্লাব কোমোর আক্রমণাত্মক মিডফিল্ডার নিকো পাজ। সাম্প্রতিক সময়ে ক্লাব ও জাতীয় দল উভয় জায়গাতেই দুর্দান্ত ফর্মে থাকা পাজ বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে টানা তিনটি প্রীতি ম্যাচে গোল করেছেন। তার সতীর্থ ভ্যালেন্তিন বারকো তাকে ১০ নম্বর জার্সি দেওয়ার পক্ষে সমর্থন জানিয়ে বলেছেন, নিকোর খেলার ধরণ দারুণ এবং তিনি চান সে এই জার্সিটি পাক।

সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় আরও রয়েছেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যার ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া আক্রমণ গড়ে তোলার দক্ষতায় এনজো ফার্নান্দেজ এবং তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর নামও আলোচনায় আছে। উল্লেখ্য, বর্তমান দলের একমাত্র খেলোয়াড় হিসেবে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ইকুয়েডরের বিপক্ষে গুয়ায়াকিলে একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচে মেসির ১০ নম্বর জার্সিটি পরেছিলেন। তবে শেষ পর্যন্ত কার গায়ে উঠবে এই ঐতিহাসিক জার্সি, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy