সিইসির পদত্যাগের দাবিতে দিল্লি যাত্রা, গ্রেপ্তারে প্রস্তুত অভিজিৎ

Published: October 10, 2026, 3:23 am

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে। যাত্রাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকার তাকে আটক বা গ্রেপ্তার যাই করুক না কেন, তিনি তার জন্য পুরোপুরি প্রস্তুত।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে অভিজিৎ মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করছেন। এ সময় তিনি বলেন, 'তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।' দিল্লি রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।'

অভিজিৎ দীপকেসহ অন্যান্য নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন যে ১০ অক্টোবরের এই 'যন্তর মন্তর ২.০' বিক্ষোভে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। এই আন্দোলনে শরিক হতে ভারতে এসে ধ্রুব রাঠি নিজেও একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি আহ্বান জানিয়ে বলেন, 'এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।'

এদিকে সিজেপির এই পরিকল্পিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজধানীতে যানবাহন চলাচল সীমিত করার পাশাপাশি গোটা শহরকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। সরকারের এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করে শুক্রবার সিজেপি নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার 'জেন জি-কে ভয় পাচ্ছে, তাই জরুরি অবস্থা' জারি করেছে।

এর আগে বেঙ্গালুরু থেকে ফিরে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ কেন্দ্রকে লক্ষ্য করে বলেন, 'তরুণদের এত ভয় পেলে পুরো দেশই বন্ধ করে দিন।'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo