ইয়েমেনে যুদ্ধের কবলে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া

Published: November 8, 2026, 12:30 pm

ইয়েমেনে চলমান হামলা ও যুদ্ধের ভয়াবহতায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, এই বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজারই শিশু।

ইউনিসেফের আঞ্চলিক মুখপাত্র সালিম ওয়েইস আলজাজিরাকে জানিয়েছেন, সংঘাতের ফলে হাজার হাজার পরিবার প্রাণ বাঁচাতে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত শিশুদের দৈনন্দিন জীবনযাত্রা, স্বাভাবিক কার্যক্রম এবং নিরাপত্তা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

সালিম ওয়েইস বলেন, শিশুরা এখন তাদের বাড়ি ও বিদ্যালয়ের মতো নিরাপদ পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে নানা ধরনের ঝুঁকি ও বিপদের মধ্যে তাদের দিনাতিপাত করতে হচ্ছে। স্বাভাবিক শৈশব কাটানোর পরিবর্তে এই শিশুরা প্রতিনিয়ত অনিশ্চয়তা ও চরম নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে।

মুখপাত্র আরো জানান, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার মধ্যে পরিবারগুলোকে অত্যন্ত কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। যুদ্ধের কারণে অনেক বিদ্যালয়ও এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি হামলা চালানো হচ্ছে, আবার কিছু বিদ্যালয় সংঘাতের সম্মুখসারিতে পড়েছে। এছাড়া অনেক বিদ্যালয়কে এখন নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ইউনিসেফের ভাষ্যমতে, ইয়েমেনের যুদ্ধ শুধু মানুষের ঘরবাড়ি ও নিরাপত্তাই কেড়ে নিচ্ছে না, বরং শিশুদের শিক্ষা ও বেড়ে ওঠার পরিবেশও ধ্বংস করছে। এর ফলে হাজার হাজার শিশু একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্যদিকে শিক্ষা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত শিশুদের মৌলিক চাহিদা, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh