ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধের ধারাবাহিকতায় এবার স্থল অবরোধ আরোপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই নতুন কৌশলের তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, স্থলপথ এবং কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর কাছে আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞাভুক্ত পণ্য সরবরাহ বন্ধ করার লক্ষ্যে মার্কিন সেনাবাহিনী একটি বিশেষ টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড শনিবার আনুষ্ঠানিকভাবে এই টাস্কফোর্সের ঘোষণা দেবে।
ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই নতুন টাস্কফোর্সের নাম রাখা হয়েছে ‘আয়রন গেট’। কেবল অস্ত্র সরবরাহ ঠেকানোই নয়, বরং দ্বৈত ব্যবহারের পণ্য এবং ইরান যেসব পণ্যের মাধ্যমে অর্থ উপার্জন করে, সেগুলোর ওপরও এই টাস্কফোর্স কড়া নজরদারি চালাবে। এই কার্যক্রম বাস্তবায়নে সেন্ট্রাল কমান্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোও সমন্বয় করবে।
এদিকে, সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, তাদের পূর্ববর্তী নৌ-অবরোধের ফলে ইরান প্রায় ২৫ বিলিয়ন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে।





