মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম

Published: November 6, 2026, 4:16 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জেরে আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তারাবো পৌরসভার উত্তর বাসাবো এলাকার একটি নির্জন স্থানে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আহত আবুল কালাম উত্তর বাসাবো এলাকার বাসিন্দা। তিনি আগে হবিগঞ্জে কর্মরত ছিলেন এবং প্রায় পাঁচ মাস আগে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি হন। এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ চলছিল এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার রাতে স্থানীয় মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল মুঠোফোনে কল করে আবুল কালামকে ডেকে নেয়। এরপর তাকে বাসাবো এলাকার একটি বিলের পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়।

আবুল কালামের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin