ফুটবল বিশ্বে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, কোনো খেলোয়াড়ই দলের চেয়ে বড় নন। তবে তারকা ফুটবলারদের ক্ষেত্রে এই নীতি বজায় রাখা সবসময় সহজ হয় না। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও নিজের অবস্থান অত্যন্ত পরিষ্কার করেছেন। তাঁর কাছে রিয়াল মাদ্রিদ দলই সবার উপরে।
চ্যাম্পিয়নস লিগে এথেন্সে এএইকের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে ভিনিসিয়ুস প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। মরিনিও অবশ্য মনে করেন, ভিনি খুব একটা খারাপ খেলেননি। তাঁর মতে, এথেন্সের ম্যাচে ভিনিসিয়ুসের জায়গায় যদি সাধারণ কোনো খেলোয়াড় খেলত, তাহলে সবাই বলত সে ভালো খেলেছে। তবে তিনি আরও যোগ করেন, ভিনিসিয়ুসের কাছে প্রত্যাশা সব সময় সেই পর্যায়ের, যে পর্যায়ে খেলে গত মৌসুমে তিনি চ্যাম্পিয়নস লিগ থেকে মরিনিওকে বিদায় করেছিলেন।
আগামীকাল লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলে মরিনিও বলেন, "আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। একজন খেলোয়াড়কে সুবিধা দিতে আমি কখনোই ইচ্ছা করে দলের ক্ষতি করতে চাই না।"
ভ্যালেন্সিয়ার বিপক্ষে অবশ্য এমনিতেই মাঠে নামতে পারবেন না ভিনিসিয়ুস। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টানা এবং লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে তর্ক করার দায়ে তিনি চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। সেভিয়া, বার্সেলোনা ও রেসিং সান্তান্দেরের বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে। নিষেধাজ্ঞার শেষ ম্যাচটি বাকি রয়েছে এবং ২১ নভেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে তিনি ফিরতে পারবেন। ভিনিসিয়ুসের এই আচরণ নিয়ে মরিনিও মন্তব্য করেছেন, "তারা নির্লজ্জভাবে এসব কাজ করে।"





