পেরুর পাহাড়ে ঝুলন্ত কাচের ক্যাপসুল হোটেল: রোমাঞ্চকর এক অভিজ্ঞতা

Published: November 6, 2026, 12:30 pm

আকাশ ও মাটির মাঝামাঝি অবস্থানে রাত্রিযাপন করতে চাইলে পেরুর 'স্কাইলজ এডভেঞ্চার সুইটস' হতে পারে এক অনন্য গন্তব্য। দেশটির ঐতিহাসিক সেক্রেড ভ্যালির ওপরে গ্রানাইট পাথরের খাড়া পাহাড়ের গায়ে মাটি থেকে প্রায় ৩৬৫ মিটার (১,২০০ ফুট) উঁচুতে স্বচ্ছ কাচের তৈরি কয়েকটি ক্যাপসুল ঝুলে আছে। কুজকো শহর থেকে এই রোমাঞ্চকর হোটেলের দূরত্ব প্রায় ৯০ মিনিট।

এই হোটেলে পৌঁছানোর প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং এবং কিছুটা ভীতিজাগানিয়া। এখানে কোনো সাধারণ সিঁড়ি বা লিফট নেই। পর্যটকদের সুরক্ষা বেল্ট পরে প্রায় দুই ঘণ্টা ধরে লোহার রড, তারের সেতু এবং মই বেয়ে 'ভিয়া ফেরাতা' শৈলীতে পাহাড়ের ওপরে উঠতে হয়। নিচে তাকালেই দুইশ মিটারের বেশি গভীর শূন্যতা এবং দূরে বয়ে চলা উরুবাম্বা নদীর সবুজ স্রোতধারা দেখা যায়।

প্রতি রাতের থাকার খরচ প্রায় ৪৮০ মার্কিন ডলার (প্রায় ৫৯ হাজার ৫১০ টাকা)। এই খরচের মধ্যে যাতায়াত, গাইড, পাহাড়ে ওঠা এবং জিপলাইনে নিচে নেমে আসার সুবিধা অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি ক্যাপসুলে একটি ডাবল এবং দুটি সিঙ্গেল বিছানা রয়েছে। এছাড়া পরিবেশবান্ধব শুকনো শৌচাগার এবং ছয়টি বড় জানালা রয়েছে, যা থেকে রাতের আকাশ ও মিল্কি ওয়ের মনোরম দৃশ্য দেখা যায়।

হোটেলের ডাইনিং পডে ঐতিহ্যবাহী পেরুভীয় চার পদের খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে থাকে পাম্পকিন স্যুপ, চিকেন রেমুলাদ, আন্দিজের আলু এবং প্যাশনফ্রুট বা মারাকুইয়া দেয়া কাকাও ব্রাউনি। গাইড এফ্রেন লোপেজ জানান, ইনকারা উরুবাম্বা নদীকে মিল্কি ওয়ের পার্থিব আয়না হিসেবে গণ্য করত। পরদিন সকালে পর্যটকরা ১৫০ থেকে ৭০০ মিটার দৈর্ঘ্যের ছয়টি জিপলাইনের মাধ্যমে পাহাড় থেকে নিরাপদে উপত্যকার সমতলে নেমে আসেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin