ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ জন

Published: November 6, 2026, 1:45 pm

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।

চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মোট চারজন মারা যান। মার্চ ও এপ্রিল মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে এবং নভেম্বর মাসে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ৫৩৫ জন রোগী নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে পৌঁছেছে। বিভাগভিত্তিক হিসাবে নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২১ জন, চট্টগ্রামে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন এবং রংপুরে ৪৩ জন রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy