কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এই অভিযানে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি এবং পুলিশ অংশ নেয়।
অভিযান চলাকালে মানবপাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) গুরুতর আহত হন। পরবর্তীতে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৫৬ জনের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে ৫৭ জন জিম্মি উদ্ধারের কথা জানানো হলেও পরবর্তীতে তথ্য যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে একজন দালাল ছিলেন। এদিকে, সেনাসদস্য নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উদ্ধার হওয়া ফরিদপুরের বাসিন্দা আসাদুজ্জামান জানান, আট দিন আগে তাকে কাজের প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে বন্দি করা হয়। সেখানে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র পাহারাদল ছিল। একই ধরনের বর্ণনা দিয়েছেন উখিয়ার সেবতখালীর বাসিন্দা মো. সাইফুল ও মিজানুর রহমান। তারা জানান, দালাল নূরালী তাদের মানবপাচারকারীদের কাছে ১ লাখ টাকায় বিক্রি করেছিল। বন্দিদশায় তাদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং দিনে মাত্র দুই বেলা কাঁচা লাউ ও ডাল খেতে দেওয়া হতো।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা পাহাড় থেকে মানবপাচারকারীদের আস্তানা নির্মূলে সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন। হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, শীত মৌসুমে পাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ওপর গুরুত্বারোপ করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে। সেনাসদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতার আহ্বান জানান। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ছাত্র প্রতিনিধিরা মানববন্ধনের ডাক দিয়েছেন।





