সরকারি কর্মচারীদের বেতন গ্রেড পর্যালোচনায় ৬ মন্ত্রীর নতুন কমিটি

Published: November 5, 2026, 3:51 pm

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড এবং বিভিন্ন ভাতাদি পর্যালোচনার লক্ষ্যে সরকার ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং একই দিনে প্রকাশিত গেজেটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

কমিটির মূল দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের বেতন স্কেলের বিভিন্ন অসংগতি ও অভিযোগ পর্যালোচনা করে তা নিষ্পত্তির জন্য সুপারিশ প্রদান করা। এছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন এবং বেতন কাঠামোর সামঞ্জস্য বিধানের বিষয়েও তারা কাজ করবেন। পাশাপাশি ঝুঁকিভাতাসহ অন্যান্য সব ধরনের ভাতা নতুন করে চালু, বৃদ্ধি বা হ্রাসের বিষয়েও কমিটি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা কমিটিকে তাদের কাজের প্রয়োজনে সহায়তা করবেন। প্রয়োজনে এই কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভার সময়সূচী প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হবে এবং অর্থ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin