পোশাক শিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম বেতন কাঠামো আগামী এক থেকে দুই মাসের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কাটাখালি মোড়ে খুলনা-মোংলা মহাসড়ক সংলগ্ন এক পথসভায় তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন অঞ্চলে পোশাক খাতে চলমান বিশৃঙ্খলার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, শ্রমিকদের মজুরি সংক্রান্ত যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়টি সরকার অবগত আছে। এই দাবিগুলো পর্যালোচনার জন্য সরকার ইতিমধ্যেই মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।
তারেক রহমান আরও বলেন, আমি বিশ্বাস করি কোনো শ্রমজীবী ভাই-বোন শিল্পের ক্ষতি করতে পারে না। তবে সংবাদ মাধ্যমে দেখা গেছে, কিছু উশৃঙ্খল ব্যক্তি বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর চালাচ্ছে। তারা কারখানা, যন্ত্রপাতি ও যানবাহন ভাঙচুর করছে, যা কোনোভাবেই কাম্য নয়।





