বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে নেমে আসে। অক্টোবর মাস শুরুর পর এই প্রথম তেলের দাম ১০০ ডলারের নিচে নামলো।
একইভাবে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির পরাজয়ের পর বিশ্ববাজারে তেলের দামে এমন বড় পতন দেখা গেলো।
এদিকে নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় বিশ্ববাজারে শেয়ারদরের উল্লম্ফন দেখা গেছে। এই রাজনৈতিক ফলাফল বাজারে দীর্ঘদিন ধরে বিরাজ করা অনিশ্চয়তা কমিয়ে দিয়েছে। এর ফলে ওয়াল স্ট্রিটের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল, যা মূলত প্রযুক্তি, ভোক্তাপণ্য ও যোগাযোগ পরিষেবা খাতের শেয়ারদর বৃদ্ধির কারণে ঘটেছে।
তবে সামগ্রিকভাবে জ্বালানি খাতের শেয়ারগুলো সবচেয়ে বেশি দরপতনের সম্মুখীন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় ধরনের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।





