রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

Published: November 4, 2026, 4:08 pm

সৌদি আরবের রাজধানী রিয়াদস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার ভোরে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্মে সতর্কতা জারি করার পরই গোষ্ঠীটির পক্ষ থেকে এই সামরিক অভিযানের তথ্য জানানো হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহকিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে তাদের এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে এবং এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের জারি করা বেসামরিক প্রতিরক্ষার ওই আগাম সতর্কবার্তাটি প্রকাশের কিছু সময় পরেই আবার তা প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে গত অক্টোবরের শুরুতেও রিয়াদের এই প্রধান বিমানবন্দরে একটি ভয়াবহ হামলা চালিয়েছিল হুথিরা। এতে অন্তত ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার পর নিরাপত্তাঝুঁকির কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর অক্টোবরের শেষ দিকে বিমানবন্দরটিতে সীমিত পরিসরে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার তীব্রতা বেড়েছে। কেবল গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসেই দেশটির বিভিন্ন বিমানবন্দর, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ২০টিরও বেশি হামলা ও হামলার চেষ্টা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে সরাসরি সংঘাত জড়িয়ে পড়ে হুথিরা। দীর্ঘ মধ্যস্থতার পর ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইরানকে কেন্দ্র করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বিস্তৃত হওয়ায় সৌদি আরব ও ইয়েমেন সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা সৃষ্টির পাশাপাশি সৌদির অভ্যন্তরীণ বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে রিয়াদ ও তার পশ্চিমা মিত্রদের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে হুথিরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh