গোল্ডেন এ-প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের রুকাইয়া

Published: November 3, 2026, 1:45 pm

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের বাসিন্দা রুকাইয়া পারভীন তার মেধার স্বাক্ষর রেখে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ-প্লাস অর্জন করেছেন। এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী গর্বিত হলেও রুকাইয়ার নিজের মনে এখন গভীর দুশ্চিন্তা। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট তার পরিবার এখন তার উচ্চশিক্ষার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে।

রুকাইয়া রকিব মল্লিক ও লাভলী ইয়াসমিন দম্পতির ছোট মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এই শিক্ষার্থী ২০২৪ সালে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে ভর্তি হয়ে এইচএসসিতেও অসামান্য ফলাফল করেন।

তার বাবা রকিব মল্লিক একজন ব্যাটারিচালিত ইজিবাইকচালক। তার সামান্য আয়ে কোনোমতে সংসার চলে, যার ফলে মেয়ের উচ্চশিক্ষার খরচ যোগানো তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে রুকাইয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য খুলনায় কোচিং করছেন। তবে ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার।

রকিব মল্লিক জানান, মেয়ের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও ভালো ফলাফলের ধারাবাহিকতা দেখে তিনি চান রুকাইয়া উচ্চশিক্ষা গ্রহণ করুক। কিন্তু একার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে তার মেয়ের মেধা ও স্বপ্ন অকালে ঝরে না পড়ে।

সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন রুকাইয়ার প্রশংসা করে বলেন, সে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। সুযোগ পেলে সে জীবনে বড় কিছু করতে সক্ষম। পারিবারিক অসচ্ছলতাই তার স্বপ্নের পথে বড় বাধা। বিত্তবানরা এগিয়ে এলে রুকাইয়ার উচ্চশিক্ষার পথ সুগম হবে বলে তিনি মনে করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy