সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষে ৫০ পুলিশ আহত, বন্ধ শতাধিক কারখানা

Published: November 3, 2026, 12:35 pm

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন। এই অস্থির পরিস্থিতির কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দেওয়ান পাম্পের পাশে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কিছু এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, সাধারণ শ্রমিকরা কাজ করতে আগ্রহী হলেও বহিরাগত কিছু উসকানিতে একটি পক্ষ প্রতিদিন সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছে ও কারখানা থেকে বের করে আনার চেষ্টা করছে।

পুলিশ সুপার জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরেই কিছু কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। পুলিশ কোনো ধরনের বল প্রয়োগ করছে না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে পুলিশ সহযোগিতা করছে। উদাহরণস্বরূপ, চার মাসের বেতন পরিশোধ না করে আত্মগোপনে থাকা এক মালিককে আটক করে আশুলিয়া থানার মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ শ্রমিকদের প্রতিপক্ষ নয়, বরং কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই দায়িত্ব পালন করছে। ইটপাটকেল নিক্ষেপের মতো পরিস্থিতির শিকার হয়ে পুলিশ আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে। এছাড়া সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কারখানা বন্ধের বিষয়ে তিনি জানান, শিল্প পুলিশ-১-এর অধীনে আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। বিশেষ করে নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার বাইরে বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে। কিছু কারখানায় সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে। দুপুরের পর কয়েকজন মালিক কারখানা চালু করতে নিরাপত্তা চেয়ে ফোন করেছেন এবং পুলিশ তাদের সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি কারখানা খুলে উৎপাদন শুরু করার আহ্বান জানানো হয়েছে।

আহত পুলিশ সদস্যদের বিষয়ে তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে সোমবার আহত হয়েছিলেন প্রায় ২০ জন। মঙ্গলবারও এক পুলিশ সদস্যের মাথায় ইটের আঘাতে গুরুতর জখম হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin