চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

Published: November 3, 2026, 11:41 am

আগামী চারদিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি স্পষ্ট করেছে যে, গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সঠিক তথ্যের ওপর আস্থা রাখার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজির জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পেট্রোবাংলা জানায়, এই রক্ষণাবেক্ষণ কাজের প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। মূলত জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা থেকেই এমন গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে সংস্থাটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin