শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফেরাতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

Published: November 3, 2026, 8:46 am

গাজীপুর ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে বিজিবি সদস্যদের মধ্যে ১০ প্লাটুন গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় এবং ২ প্লাটুন নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দায়িত্ব পালন করছেন। এছাড়া আশুলিয়া ও মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিজিবি প্রযুক্তিনির্ভর লাইভ মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। গুরুত্বপূর্ণ সড়ক ও সংবেদনশীল এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়তা করছে।

বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে তাৎক্ষণিক পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বিজিবি জনসাধারণের জানমালের নিরাপত্তা ও শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব ও সংযমের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin