জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখে শুরু হওয়া লংমার্চের গাড়িবহর যমুনা সেতু অতিক্রম করেছে। যমুনা সেতু টোল প্লাজার তথ্য অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি সেতু পার হয়েছে।
শনিবার সকালে আট দফা দাবিতে ঢাকা থেকে লংমার্চটি যাত্রা শুরু করে। বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছালে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এলডিপির সভাপতি অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের নেতারা বক্তব্য দেন।
পথসভা শেষে গাড়িবহর রংপুরের উদ্দেশে রওয়ানা হয়। টোল প্লাজা সূত্র জানায়, দুপুর ১২টা ৩২ মিনিটে লংমার্চের মূল বহর সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজায় পৌঁছায়। টোল পরিশোধের পর দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত বিভিন্ন লেন দিয়ে গাড়িগুলো উত্তরবঙ্গের দিকে পার হয়। মূল বহরের আগে ও পরে বিচ্ছিন্নভাবে লংমার্চের স্টিকারযুক্ত আরও কিছু গাড়ি সেতু পার হয়েছে।
এর আগে ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখী লংমার্চে জোটটি ছয় দফা দাবি তুলেছিল। এবারের রংপুর লংমার্চের কর্মসূচিতে আগের দাবির সঙ্গে দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিপ্লনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। জোট নেতাদের মতে, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই তিস্তা মহাপরিপ্লনাকে কর্মসূচির অংশ করা হয়েছে। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে আজকের এই লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।





