গাজীপুর জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনকে ঘিরে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। সোমবার (২ নভেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব হিসেবে অভিহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে কোনো অশুভ চক্র বা দুষ্কৃতকারী যাতে সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি করতে না পারে, সেজন্য পুলিশ অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।
শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ইতোমধ্যে এ লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, কিছু ষড়যন্ত্রকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে এবং আন্দোলনকারীদের পুলিশের মুখোমুখি দাঁড় করানোর জন্য পুলিশের গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী হতাহত হওয়ার গুজব ছড়াচ্ছে। বাস্তবে গাজীপুরের শ্রমিক আন্দোলনে পুলিশ গুলি চালায়নি এবং এতে কেউ হতাহত হয়নি।
এ ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য শ্রমিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। একইসঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে জ্বালাও-পোড়াও, ভাঙচুর বা সহিংসতার মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে শ্রমিকদের নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ জানানো হয়েছে।





