ইয়েমেনের পশ্চিমাঞ্চলে চলমান সংঘাতের তীব্রতা বাড়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বাস্তুচ্যুতির শিকার হওয়া এই মানুষেরা মূলত গত দুই মাসের ব্যবধানে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইওএম জানিয়েছে, বাস্তুচ্যুত এসব পরিবার বর্তমানে নতুন আশ্রয় খুঁজে পেতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যয় মেটাতে চরম সংকটের মুখে পড়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সংস্থাটির ইয়েমেন মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, বছরের পর বছর ধরে সংঘাত চললেও ইয়েমেনের পরিবারগুলোকে আবারও নতুন করে ঘরবাড়ি ছাড়তে হচ্ছে। অনেকেই শুধুমাত্র পরনের কাপড়টুকু সম্বল করে জীবন বাঁচাতে পালিয়ে আসছেন। বর্তমানে তাদের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা প্রয়োজন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা না গেলে হাজার হাজার পরিবার জরুরি মানবিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।
উল্লেখ্য, ইয়েমেনে ২০২২ সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যা গত জুলাই মাসে ভেঙে পড়ে। এরপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির ফলে দেশটির সামগ্রিক মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে।





