পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের জনপ্রশাসনের সক্ষমতা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় জাপানি উন্নয়ন সংস্থা জাইকা (JICA) আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘ডেভেলপমেন্ট কো-অপারেশন ইন অ্যা কমপ্লেক্স গ্লোবাল এনভায়রনমেন্ট – পার্সপেক্টিভস অন জাপান’স ওডিএ অ্যান্ড ফিউচার পার্টনারশিপস’।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টিটিভ জুনকো তাকাহাশি। এছাড়া কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নাকানিশি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী জনপ্রশাসন সংস্কারে জাপানের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, "জনপ্রশাসন সংস্কার এবং দক্ষতা ও যোগ্যতাভিত্তিক পেশাদার সিভিল সার্ভিস গড়ে তুলতে জাপানের ভূমিকা প্রশংসনীয়। আগামীতেও এই সহযোগিতা আরও জোরদার হবে।"
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশের দিকে অগ্রসর হচ্ছে, তাই এখন শুধু সহায়তার ওপর নির্ভর না করে বাণিজ্য, বিনিয়োগ ও স্টার্টআপ খাতের প্রসারে গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে, ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী দুই দেশের যৌথ উদ্যোগের মাধ্যমে জ্ঞান বিনিময়, টেকসই অবকাঠামো নির্মাণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।
সেমিনারের শেষ অংশে জাইকা হেডকোয়ার্টার্সের সিনিয়র ডেপুটি ডিরেক্টর জেনারেল রায়ুতারো মুরোতানির সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নেন ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহাম্মদ মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস. এম. আলী রেজা, অধ্যাপক হিরোশি নাকানিশি এবং জাইকার প্রতিনিধি জুনকো তাকাহাশি। প্যানেল আলোচনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার বিষয়ে গভীর আশাবাদ প্রকাশ করা হয়।





