ছেলের মৃত্যুতে শোকার্ত কুবি শিক্ষিকার আকুতি

Published: September 19, 2026, 12:15 pm

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকার একটি পাহাড়ি টিলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে কান্নায় ভেঙে পড়ে ড. নাহিদা বেগম তার সন্তানের খুনিদের বিচার চেয়ে আকুতি জানান। তিনি বলেন, 'আমার এতটুকু ছেলে, তার কী দোষ ছিল? সে কী অন্যায় করেছিল যে তাকে এভাবে মেরে ফেলা হলো? আমি তো কুমিল্লায় শুধু চাকরি করতে এসেছি, এটাই কি আমার অপরাধ? আমি এখন কী নিয়ে বাঁচব?'

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে মায়ের আইফোনটি নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সন্তানকে খুঁজে না পেয়ে ওইদিন সন্ধ্যায় শিক্ষিকা নাহিদা বেগম কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আইফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে। সেই সূত্র ধরেই পরবর্তীতে শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh