সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

Published: September 19, 2026, 1:16 pm

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) এই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন এই বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীরা নতুন বেতনকাঠামো অনুযায়ী বকেয়া সুবিধাও পাবেন, কারণ এটি গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বর্ধিত বেতন কয়েকটি ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তাদের বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন। এই বাড়তি অর্থ গত ৩০ জুনের আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

পরবর্তীতে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ হারে সুবিধা পাবেন। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত শতভাগ কার্যকর করা হবে。

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর অন্যান্য সব ধরনের ভাতা পাওয়া শুরু করবেন। একইভাবে নতুন এই কাঠামোর যাবতীয় সুযোগ-সুবিধা পেনশন সুবিধাভোগীরাও ভোগ করতে পারবেন।

নতুন এই বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। এছাড়া মূল বেতনের সঙ্গে আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বৃদ্ধি পাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh