প্রতিশ্রুতির চেয়েও বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান

Published: September 19, 2026, 11:46 am

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির চেয়েও বেশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজীব আহসান। শনিবার (১৯ সেপ্টেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এই সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নির্বাচনের আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি মানুষের প্রয়োজন অনুযায়ী আরও বেশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তিনি নারী কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক পরিকল্পনার সুফল যেন এলাকার সাধারণ মানুষ পান, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নিজ নির্বাচনি এলাকার প্রতিটি পরিবারের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নারী নেতৃত্বকে চিহ্নিত করার জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, যাদের সঙ্গে এলাকার মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে এবং যারা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, তাদেরই নেতৃত্বে নিয়ে আসতে হবে। একই সঙ্গে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রমে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা। এছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু এবং বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিনও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নারী নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin