সুনামগঞ্জের তাহিরপুরে মাদক মামলায় আটক এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে তার স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মো. জামাল মিয়া উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ অক্টোবর মাদকদ্রব্য সংক্রান্ত একটি ঘটনায় তাহিরপুর থানা পুলিশ মো. আছাহাব নামে এক ব্যক্তিকে আটক করে। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে তিন দিনের কারাদণ্ড দেন। সাজা শেষে বাড়িতে ফিরে আছাহাব তার স্ত্রীর কাছ থেকে জানতে পারেন যে, তাকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ইউপি সদস্য জামাল মিয়া তার স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আছাহাবের স্ত্রী নারকিছ বেগম কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে জামাল মিয়াকে ওই টাকা প্রদান করেছিলেন। পরবর্তীতে আছাহাব টাকা ফেরত চাইলে জামাল মিয়া তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আরও টাকা দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী আছাহাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার স্ত্রীর কাছ থেকে নেওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. জামাল মিয়া বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ এদিকে লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





