চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলার শিকার হয়েছেন দিলয়ারা বেগম (৪৮) এবং তাঁর দুই ছেলে শাহদাত হোসেন ইরফান (২০) ও জিহান হোসেন (২৪)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে হামলাকারীরা বাদীর ভাইয়ের ওপর চড়াও হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে মা দিলয়ারা বেগমকে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে হামলাকারীদের কোপে দিলয়ারা বেগমের কপালে গুরুতর জখম হয় এবং অপর এক হামলায় সাক্ষীর নাক ফেটে রক্তাক্ত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় জাবেদ হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আবদুল হান্নান (৪৫), মো. সেলিম (৪৬), নেজাম উদ্দিন (৪০) এবং ফোরকান উদ্দিন আজম (৩৫)। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, জমি নিয়ে বিরোধ ও ঘটনার ভিডিও ধারণকে কেন্দ্র করে এই রক্তাক্ত হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।





