চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

Published: October 31, 2026, 8:47 am

চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মো. নজরুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন। অভিযানের সময় জব্দ করা পচা ইলিশ মাছগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাছ ব্যবসায়ীদের ওজনে কম না দেওয়া, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশ দেন। একই সাথে পচা মাছ বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin