বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Published: September 19, 2026, 11:01 am

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০১। শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি.-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। সভার শুরুতে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, মো. মতিউর রহমান (এফসিএ, এফসিএমএ), সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত ব্যাংকার এস. এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রূপ রতন পাইন, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং অডিট ফার্ম কাজী জহির খান অ্যান্ড কোং-এর প্রতিনিধি।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বেসিক ব্যাংকের অগ্রগতির প্রশংসা করে বলেন, ব্যাংকটি এখন ক্রমশ ভালো করছে এবং লোকসানের পরিমাণ কমে আসছে। তিনি উল্লেখ করেন, সরকারি ব্যাংকের আমানতের দায়িত্ব সরকার নেবে—এমন নিশ্চয়তার কারণে মানুষের আস্থা ফিরেছে, যা আমানত বৃদ্ধির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। তিনি ঋণ-আমানত অনুপাত কমে আসা এবং ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ার কথা উল্লেখ করলেও নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একই সঙ্গে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতির উন্নয়নে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি নন-ইন্টারেস্ট ইনকাম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী খেলাপি ঋণ আদায়কে বর্তমানে ব্যাংকের মূল ফোকাস হিসেবে অভিহিত করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আলোকে খেলাপি ঋণ আদায়ের প্রক্রিয়া জোরদার ও আইনি কার্যক্রম গতিশীল করার ওপর জোর দেন। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও সুশাসন বজায় রাখার জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ নন-ইন্টারেস্ট ইনকাম বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক রূপ রতন পাইন ব্যাংকের সুনাম বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh