রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন। সরকারের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নাজমা মোবারেক জানান, বেসিক ব্যাংকের লোকসান ধারাবাহিকভাবে কমছে এবং একই সঙ্গে আমানতের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তিনি মন্তব্য করেন যে, এই ইতিবাচক পরিবর্তন ব্যাংকটির প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির একটি স্পষ্ট ইঙ্গিত।
এজিএমে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মুন্সি আব্দুল আহাদ, শেখ ফরিদ, মো. মতিউর রহমান, আবু সালেহ মোস্তফা কামাল ও এস এম ইকবাল হোছাইন উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মো. মোফাজ্জেল, কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পর্যবেক্ষক রুপ রতন পাইন সভায় অংশ নেন।





