দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম

Published: September 19, 2026, 5:09 am

দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সোনা ও রুপার এই নতুন দাম নির্ধারণ করেছে। আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা করা হয়েছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫৮ দফা কমানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল। উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh