বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন। দীপের দাবি, ঘটনার দিন তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকায় তারা কথা বলছিলেন। সে সময় কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ নিজে পালিয়ে যান। দীপ আরও দাবি করেন, যারা তাদের ধাওয়া করেছিলেন তারা পুলিশের লোক ছিলেন। পিবিআই বর্তমানে তার এই বক্তব্যের সত্যতা যাচাই করছে এবং তাহসিফের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে।
তদন্তের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। মরদেহ উদ্ধারের স্থান থেকে এটি প্রায় ৫০ গজ দূরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার জানান, মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি আপাতত রাজধানীর উত্তরখান থানায় রাখা হয়েছে। এছাড়া এই তদন্তে পিবিআই নৌ পুলিশকে সহায়তা করছে।
পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদক কারবারিদের আনাগোনার জন্য পরিচিত। তাদের ধারণা, তাহসিফ কোনোভাবে মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়ে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে থাকতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে দীপের বক্তব্যসহ সব তথ্য যাচাই করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু দীপের সঙ্গে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তাহসিফ। পরদিন বুধবার বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে।





