টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা

Published: October 27, 2026, 4:45 am

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় 'কান্তেই'-এ পৌঁছালে তাকে এই আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়। দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের প্রসার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার লক্ষ্য নিয়ে আয়োজিত শীর্ষ বৈঠকের আগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কার্যালয়ে পৌঁছানোর পর জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং উভয় প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড পরিদর্শন শেষে সফরসঙ্গীদের জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সানায়ে তাকাইচিও তার মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। এরপর ভবনের মূল কক্ষে প্রবেশপথে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান এবং পরে দুই নেতা একান্ত বৈঠকে বসেন।

দ্বিপক্ষীয় আলোচনার ফলাফল নিয়ে বেলা ১২টা ১৫ মিনিটে দুই নেতা যৌথ ব্রিফিংয়ের আয়োজন করেন। পরবর্তীতে দুপুর ১২টা ৩০ মিনিটে কান্তেইতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন সানায়ে তাকাইচি। মধ্যাহ্নভোজের শুরুতে জাপানি প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দিয়ে শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করেন এবং জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বক্তব্য উপস্থাপন করে পাল্টা শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করেন। এই শীর্ষ বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, গুরুত্বপূর্ণ খাতসমূহে জাপানি সহায়তা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক মতবিনিময় অগ্রাধিকার পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংবর্ধনাকে কেন্দ্র করে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা টানানো হয়।

চার দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন। জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার সকালে টোকিও পৌঁছান তিনি। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকা সভাপতি ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন।

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠকে ২০০৬ সালে জাপানে তাদের পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন তারেক রহমান এবং দ্বিপক্ষীয় সখ্য বাড়াতে আসোর অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ইসিএ বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি, শক্তি ও উন্নত উৎপাদন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন ও দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের বিষয়ে কথা হয়। এছাড়া জাইকা প্রধান ড. আকিহিকো তানাকার সঙ্গে বৈঠকে চলমান অবকাঠামো প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, দক্ষতা অংশীদারত্ব, প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং হালকা প্রকৌশল খাতের প্রসার নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলটিতে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি এবং বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আরও রয়েছেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছিলেন। পাশাপাশি গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin