ইরানে বড় পরিসরে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Published: October 24, 2026, 5:06 pm

ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার অংশ হিসেবে আরব সাগরে মোতায়েন মার্কিন রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-এ বিপুল পরিমাণ গোলাবারুদ ও উন্নত ক্ষেপণাস্ত্র মজুত করা হচ্ছে। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার (২৪ অক্টোবর) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির সাংবাদিক শেলবি হলিডে রণতরীটি পরিদর্শনের সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ মজুত এবং যুদ্ধবিমান পরিচালনার প্রস্তুতি প্রত্যক্ষ করেছেন। তিনি জানান, এই বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের নাবিকরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বাঙ্কার-বাস্টার বোমাসহ বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র বোঝাই করছেন। এসব বোমা মাটির গভীরে থাকা বা শক্তভাবে ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনায় আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি। অস্ত্র মজুতের পাশাপাশি রণতরীটিতে মাঝরাতে যুদ্ধবিমান ওঠানামা ও ফ্লাইট অপারেশন কার্যক্রমও জোরদার করা হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে সংঘাত আরও তীব্র হলে যেন দ্রুত সামরিক অভিযান চালানো যায়, সে জন্য মার্কিন বাহিনী এই প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু হতে পারে এবং সেই পরিস্থিতির জন্য ইউএসএস জর্জ ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করে রাখছে। তবে নিরাপত্তার কারণে আরব সাগরে রণতরীটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১৫ অক্টোবর সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে মার্কিন বাহিনী ইরানে হামলা শুরু করতে পারে। এই পরিকল্পনায় ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাও রয়েছে। মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা এসব স্থাপনায় হামলার কার্যকারিতা নিয়ে আলোচনা করছেন। এছাড়া ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হলে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী বোমা ‘মাদার অব অল বোম্বস’ (এমওএবি) ব্যবহারের পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh