নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর্যবেক্ষণে থাকার গুঞ্জনের মধ্যেই তার এই সিদ্ধান্তের পর নতুন অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী অধিনায়ক হিসেবে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও অলরাউন্ডার সোবহানা মোস্তারিকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিদায়ের পর জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরপরই তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নতুন অধিনায়ক নির্বাচনে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসলে নাহিদা ও সোবহানার নামই সবার আগে সামনে আসতে পারে। বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিগার সুলতানার বিকল্প হিসেবে খুব বেশি ক্রিকেটার নেই। তবে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন কাউকে দায়িত্ব দিতেই হবে, যেখানে সংক্ষিপ্ত সংস্করণে নাহিদা ও সোবহানাই সবচেয়ে এগিয়ে আছেন।
ভবিষ্যতের কথা চিন্তা করে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদেরও নেতৃত্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বিসিবির। এ ক্ষেত্রে 'এ' দলের অধিনায়কত্ব করা রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের নাম বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। তবে বোর্ডের একাংশের মতে, এখনই তাদের কাঁধে এই গুরুদায়িত্ব চাপানো কিছুটা তাড়াহুড়ো হয়ে যাবে।
জাপানে আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এটিই হতে পারে জ্যোতির শেষ ম্যাচ। তবে বাংলাদেশ যদি এই ম্যাচে ভারতকে হারাতে পারে, তবে জ্যোতির অধিনায়কত্বের বিষয়টি আবারও বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। এদিকে শুধু নেতৃত্বেই নয়, নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তনের হাওয়া বইছে। প্রধান কোচ সারোয়ার ইমরানের জায়গায় দায়িত্ব পেতে পারেন ডেভিড হেম্প।
২০২২ সাল থেকে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন জ্যোতি। তার অধীনে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক দশক পর প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ, যেখানে তারা স্কটল্যান্ডকে পরাজিত করে। ওই টুর্নার্মেন্টে ব্যাট হাতে ৪ ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৭টি ডিসমিসাল করে অবদান রেখেছিলেন জ্যোতি। কিন্তু সাম্প্রতিক সময়ে তার অফ-ফর্ম ও দলের টানা ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত তাকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হলো।





