সাংবাদিকদের নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

Published: October 21, 2026, 12:24 pm

তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসী সাংবাদিকদের নিয়ে দেওয়া তার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, তিনি ঢালাওভাবে সব সাংবাদিককে গালিগালাজ করেননি। তার দাবি, তিনি মূলত যারা অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতায় জড়িত, তাদেরই সমালোচনা করেছেন।

সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে আব্বাসী জানান, তার ক্ষোভ ছিল মূলত তাদের বিরুদ্ধে, যারা এ ঘটনা নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। তিনি উল্লেখ করেন, ইশরাক হোসেনের অভিযানের উদ্দেশ্য মহৎ হলেও পিস্তল উঁচিয়ে ঘটনাস্থলে যাওয়ার কৌশলটি সঠিক ছিল না। তবে তিনি দাবি করেন, গণমাধ্যমকর্মীরা চাইলে এই উদ্যোগের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে পারতেন। তার মতে, সাংবাদিকদের একপেশে প্রচারণার কারণেই ইশরাক হোসেনকে পদ হারাতে হয়েছে।

নিজের পূর্ববর্তী বক্তব্যের ব্যাখ্যায় আব্বাসী পুনরায় জোর দিয়ে বলেন যে, তিনি মাহফিলে সব সাংবাদিককে এক পাল্লায় মাপেননি। তিনি কেবল তাদের উদ্দেশ্য করেই এই বক্তব্য দিয়েছিলেন, যারা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সমাজে ভুল বার্তা ছড়িয়ে দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh