মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনকে পুনর্বহাল করার জোরালো দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 'জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ'র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিত করা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তার পদত্যাগের ঘটনায় শহীদ পরিবার ও আহতদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইশরাক হোসেনের মাধ্যমে যে কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছিল, তা যেন কোনোভাবেই স্থবির হয়ে না পড়ে, সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেনকে পুনরায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। তবে যদি তাকে পুনর্বহাল করা সম্ভব না হয়, তবে শহীদ পরিবার বা আহতদের মধ্য থেকে কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব পালন করা অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকেও কাউকে মনোনীত করা যেতে পারে বলে মত প্রকাশ করেন তারা।
আয়োজকরা জানান, এই সংবাদ সম্মেলনে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। এ সময় জুলাই যোদ্ধা ইমরান হোসেন এবং শহীদ নুর হোসেনের মা নুরন্নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





